খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

ক্যাম্পাসে সহিংসতা প্রতিরোধে সব ছাত্র সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ছাত্র জমিয়তের

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৯:৫৭ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ক্যাম্পাসে সহিংসতা প্রতিরোধে সব ছাত্র সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ছাত্র জমিয়তের

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

ক্যাম্পাসে সহিংসতা ও নৈরাজ্য প্রতিরোধে সব ছাত্র সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে দল-মত নির্বিশেষে সব ছাত্র সংগঠনকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতারা।

মঙ্গলবার (১০ নভেম্বর) বাদ আসর রাজধানীর শাহবাগ চত্বর থেকে শিক্ষাঙ্গনে সন্ত্রাস, নৈরাজ্য ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে ছাত্র জমিয়ত বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণ শাখা। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন সংগঠনটির নেতাকর্মীরা।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে হামলা, ককটেল বিস্ফোরণ ও সহিংসতার ঘটনায় শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এসব কর্মকাণ্ডের মাধ্যমে ক্যাম্পাসগুলো অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, জুলাই আন্দোলনে যেসব ছাত্র সংগঠন ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নিয়েছিল, শিক্ষাঙ্গনের নিরাপত্তা ও শিক্ষার পরিবেশ রক্ষায় তাদের আবারও ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। ছাত্রলীগসহ যেকোনো পক্ষের সহিংস কর্মকাণ্ড প্রতিরোধে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

ছাত্রশিবিরের ভূমিকা নিয়েও সমালোচনা করেন সাআদ বিন জাকির। তিনি বলেন, বিভিন্ন ক্যাম্পাসে সহিংসতা ও বিস্ফোরণের ঘটনা ঘটলেও শিক্ষার্থীদের নিরাপত্তায় ছাত্রশিবিরের দৃশ্যমান ভূমিকা দেখা যাচ্ছে না। অতীতের রাজনৈতিক অবস্থানের ঊর্ধ্বে উঠে শিক্ষার্থীদের স্বার্থে সব ছাত্র সংগঠনকে সহিংসতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, শিক্ষাঙ্গনে কোনো ধরনের সন্ত্রাস, দখলদারত্ব কিংবা ফ্যাসিবাদী তৎপরতার সুযোগ থাকা উচিত নয়। জুলাই আন্দোলনের মতো প্রয়োজন হলে শিক্ষার্থীরা আবারও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। ক্যাম্পাসের নিরাপত্তা ও শিক্ষার্থীদের অধিকার রক্ষায় ছাত্র জমিয়ত পাশে থাকবে বলেও জানান তিনি।

ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক সাঈফ বিন জামালের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক মারুফ বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক ইনামুল হাসান নাঈম, প্রচার সম্পাদক আহমাদ আল গাজী, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মাহমুদুল হাসান ত্বকী, ঢাকা মহানগর পূর্বের সহসভাপতি কামরুল ইসলাম, মাহাদী হাসান ইয়ামিন, আহমাদ ও হুজাইফাসহ মহানগরের অন্যান্য নেতাকর্মী।

মিছিল ও সমাবেশে অংশগ্রহণকারীরা ‘শিক্ষাঙ্গনে সহিংসতা বন্ধ করো, নিরাপদ ও শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ নিশ্চিত করো’ স্লোগান দেন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

advertisement
advertisement

পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ।

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৮:৫৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ।

ছবি মো. আরফান আলী।


​মো. আরফান আলী।। জেলা সংবাদদাতা

ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা এবং এর বাস্তবায়ন বিষয়ে মৎস্যজীবী ও মৎস্যচাষীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে পীরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমান।

​এ সময় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার, জেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আয়শা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম ও পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলসহ অনেকে।

​প্রশিক্ষণে উপজেলার ২০ জন মৎস্যজীবী ও মৎস্যচাষী অংশ নেন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/ যোফল. কম

পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে যোগদান করলেন- অনিক

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৮:৫৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে যোগদান করলেন- অনিক

ছবি এম . জালাল উদ্দীন


এম. জালাল উদ্দীন: পাইকগাছা (খুলনা) জেলা সংবাদদাতা

খুলনার পাইকগাছা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন মোঃ শাওন হোসেন অনিক।

সোমবার (২৩ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরীর কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে মোঃ শাওন হোসেন অনিক বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। তিনি ৪১তম বিসিএস ব্যাচের কর্মকর্তা। ২০২৪ সালে সরকারি চাকরিতে যোগদান করেন তিনি।

নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে পাইকগাছা উপজেলার ভূমি প্রশাসন ও সংশ্লিষ্ট সেবামূলক কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/যোগফল. কম

ইউক্রেনে আবাসিক ভবনে হামলায় নিহত ১৫, রাশিয়ায় পাল্টা ড্রোন হামলা

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৭:২১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ইউক্রেনে আবাসিক ভবনে হামলায় নিহত ১৫, রাশিয়ায় পাল্টা ড্রোন হামলা

যোগফল প্রতিবেদক:

ইউক্রেনের রাজধানী কিয়েভ অঞ্চলে একটি আবাসিক ভবনে হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। অন্যদিকে রাশিয়ার একাধিক অঞ্চলে রাতভর ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে দেশটির তেল অবকাঠামোও রয়েছে বলে জানিয়েছে ইউক্রেন ও রাশিয়ার কর্মকর্তারা।

ইউক্রেনের জরুরি পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রীয় পরিষেবা জানিয়েছে, ধ্বংস হয়ে যাওয়া ভবনটির ধ্বংসস্তূপের নিচ থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। রাতভর উদ্ধার অভিযান চালানো হয়। তবে বিমান হামলার সতর্কতা জারি হলে উদ্ধারকর্মীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে সাময়িকভাবে অভিযান বন্ধ রাখা হয়।

অন্যদিকে রাশিয়ার রোস্তভ অঞ্চলের গভর্নর ইউরি স্লিউসার জানিয়েছেন, কামেনস্ক-শাখতিনস্কি শহর এবং ওই অঞ্চলের আটটি জেলায় ৮০টির বেশি ড্রোন প্রতিহত বা নিষ্ক্রিয় করা হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ক্রাসনোসুলিনস্কি জেলায় আগুনের সূত্রপাত হয়। সেখানে জরুরি বিভাগের কর্মীরা কাজ করছেন।

এ ছাড়া নভোশাখতিনস্ক শহরের বাসিন্দারা রাতভর বিস্ফোরণের শব্দ ও বড় ধরনের অগ্নিকাণ্ডের খবর দিয়েছেন। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ রাশিয়ার গুরুত্বপূর্ণ তেল শোধনাগার নভোশাখতিনস্ক তেলজাত পণ্য কারখানায় হামলা চালানো হয়েছে।

রাশিয়ার তাতারস্তান অঞ্চলেও সকালে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। আঞ্চলিক প্রধান রুস্তাম মিনিখানভের দপ্তর এ তথ্য জানিয়েছে। আলমেতিয়েভস্কের কাছে কয়েকটি তেল সংরক্ষণাগার ক্ষতিগ্রস্ত হলেও এতে কেউ হতাহত হননি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের বাহিনী রাতভর ইউক্রেনের জ্বালানি, সরবরাহ ও বন্দর অবকাঠামোতে ড্রোন হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে দিনিপ্রো অঞ্চলের ৩৩০ কিলোভোল্টের একটি বিদ্যুৎ উপকেন্দ্র, ওদেসা অঞ্চলের ইজমাইল বন্দরের স্থাপনা এবং ওদেসার দক্ষিণ-পশ্চিমে একটি পণ্যবাহী জাহাজ রয়েছে। এসব স্থাপনা ইউক্রেনের সামরিক বাহিনীর কাজে ব্যবহৃত হচ্ছিল বলে দাবি করেছে মস্কো।

চলমান যুদ্ধের কারণে উভয় পক্ষের এসব দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা কঠিন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম